আইসিটি পার্কের ঠিকানায় নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স
নারী উদ্যোক্তারা দেশের প্রত্যেকটি আইসিটি পার্কের ফ্লোর বিনামূল্যে ব্যবহারের করে সংশ্লিষ্ট এলাকা থেকে নিজেদের ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।
নারী উদ্যোক্তা দিবস ২০১৯ উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) আগারগাঁও আইসিটি টাওয়ারে 'উদ্যোক্তা সংস্কৃতি ও উদ্ভাবনী পরিবেশ তৈরিতে নারীর ভূমিকা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা বজায় রাখতে নারীদের জন্য দেশের প্রত্যেকটি আইসিটি পার্কের ফ্লোর বিনামূল্যে ব্যবহারের ব্যবস্থা করেছি আমরা। আইসিটি ডিভিশন এর স্টার্ট অফ পর্যায় থেকে তারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকা থেকে নিজেদের ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচলক হোসনে আরা বেগম, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমির যুগ্ম-সচিব সৈয়দ মুজিবুল হক, বিজিএমইএর সভাপতি ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন।